ট্রাকচাপায় সড়কেই শেষ তরুণ অভিনেত্রী আশার স্বপ্ন

প্রায় চার বছর আগে টেলিভিশন নাটকের অভিনয় শুরু করেন অভিনেত্রী আশা চৌধুরী (২২)। অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল তার। বেপরোয়া এক ট্রাক নিভিয়ে দিল তার জীবন প্রদীপ। সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তার লাশ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, নিহত আশা পাবনা জেলার আবুল কালামের মেয়ে। থাকতেন রূপনগর আবাসিক এলাকায়। তিনি ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী। ল’তে পড়ছিলেন রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজিতে (বিইউবিটি)। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিশুশিল্পী ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন। টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে। সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

দারুসসালাম থানার এসআই মো. সোহান আহমেদ জানান, রাত ২টার দিকে টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আশা। তার মাথা থেঁতলে যায়। ঘটনায় জড়িত ট্রাক ও এর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। পরিবার সূত্রে জানা গেছে, রাতে বোর্ড বাজার এলাকা থেকে নিজেদের বাসার কাজ দেখভাল শেষে রূপনগরের বাসায় ফিরছিলেন আশা। ময়নাতদন্ত শেষে তার লাশ রূপনগরের বাসায় নেওয়ার কথা রয়েছে। তবে, মোটরসাইকেল চালকের বিষয়ে কিছু জানা যায়নি। তরুণ এই অভিনেত্রী মারা যাওয়ার দুই দিন আগে গত শুক্রবার ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। নাটকে তার সহশিল্পী ছিলেন সালাহউদ্দিন লাভলু এবং আনিসুর রহমান মিলন। আশার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা।