জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে, তারা রাজনীতির মধ্যে নেই বললেই চলে। বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জেল থেকে বের হয়েছেন, তারেক রহমানের গ্রহণযোগ্যতার অভাব আছে। তাই বিএনপির পক্ষে রাজনীতির মাঠে টিকে থাকা দুরূহ। রাজনীতির মাঠে এখন সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি জাপা। তিনি গতকাল তার বনানী কার্যালয় মিলনায়তনে কুমিল্লা জেলা ও মহানগর জাপার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
জি এম কাদের বলেন, চুক্তি অনুযায়ী সময়মতো ভারত থেকে করোনার ভ্যাকসিন পাওয়া না গেলে টিকা উত্পাদনকারী বিকল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। দেশের মানুষ অধীর আগ্রহে ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে আছে। যে কোনো মূল্যে দেশের মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিন নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের সামনে উন্নয়ন ও সুশাসন দেওয়ার ঐতিহ্য রয়েছে একমাত্র জাপার। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জাপার যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা ও আমির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহার সরকার, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।