বরিশালে বউভাত অনুষ্ঠানে খাবারে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বরের চাচা খুন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রফিয়াদি গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, কিছুদিন পূর্বে ঐ গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীরের সঙ্গে নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালাম হাওলাদারের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। দুই দিন আগে রুনা বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নেওয়া হয় এবং গতকাল বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কনের বাড়ি থেকে ৪৮ জন স্বজন অংশগ্রহণ করে। কিন্তু খাবার খাওয়ার একপর্যায়ে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনে পক্ষের সঙ্গে বরপক্ষের স্বজনদের প্রথমে তর্কাতর্কি এবং পরে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কনে পক্ষের মারধরে বরের চাচা আজহার মীর ঘটনাস্থলেই নিহত হন।
বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে উভয় পক্ষের কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।