ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের নতুন প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল। সর্বশেষ সিন্ডিকেটে তাকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে এ দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) ডিন। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নির্দেশনায় পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্ব নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়, ৪ জানুয়ারি উপাচার্য সরকারি সাত কলেজের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সমন্বয়কারীর দায়িত্ব উপ-উপাচার্যের (শিক্ষা) ওপর অর্পণ করেছেন।

উল্লেখ্য, রাজধানীর অধিভুক্ত সাতটি কলেজ হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ লাখ ৬৭ হাজার ২৩৬ শিক্ষার্থী ও ১ হাজার ১৪৯ শিক্ষক রয়েছেন।