কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন রফতানি শুরু করবে ভারত 

আগামী দু’তিন সপ্তাহের মধ্যেই  করোনার ভ্যাকসিন রফতানি শুরু করবে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের  এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ভারতে ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরুর ১৪ দিনের মধ্যেই সেটি রফতানি শুরু হবে। স্থানীয় চাহিদা মেটাতে ভারত ভ্যাকসিন রফতানি নিষিদ্ধ করেছে, এমন খবরের ভিত্তিও উড়িয়ে দিয়েছেন তিনি।

 তিনি বলেন, ভ্যাকসিন প্রদান শুরুর ১৪ দিনের মধ্যে আমরা দক্ষিণ এশিয়ার কয়েকটি প্রতিবেশী দেশের কাছে রফতানির অনুমতি দেবো। এর কিছু উপহার হিসেবে দেওয়া হবে, বাকিগুলো সরবরাহ করা হবে সরকার যে দামে ভ্যাকসিনগুলো কিনছে প্রায় সেই দামে।

এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি তারা করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু করতে পারেন। 

ভারতের ভ্যাকসিন রফতানি নিয়ে বিভ্রান্তি দূর করেছেন এশিয়া অঞ্চলে অক্সফেোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিনের উৎপাদক সেরাম ইনস্টিটিউটের প্রধানও। 

সিরামের সিইও আদর পুনাওয়ালা বিভিন্ন সংবাদমাধ্যমকে প্রথমে বলেছিলেন, আগামী কয়েকমাস তাদের ভ্যাকসিন রফতানির অনুমতি দেবে না ভারত সরকার। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি জানিয়েছিলেন, ভারতের অভ্যন্তরীণ বাজারেও ভ্যাকসিন বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে তাদের ওপর। পরে তিনি বিবিসি’কে বলেছেন, বিদেশে সরকারের করোনা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ভ্যাকসিন রফতানির অনুমতি রয়েছে  সেরা ইনস্টিটিউটের। এর ফলে, চুক্তি মোতাবেক আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশ, সৌদি আরব এবং মরক্কোকে ভ্যাকসিন সরবরাহ করতে পারবেন তারা। 

 করোনার জন্য দুটি ভ্যাকসিন ইতিমধ্যেই ভারতে অনুমোদন পেয়েছে।  দুটির মধ্যে একটি ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা। অন্যটির  প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক।

ইত্তেফাক/এআর