ট্রাম্পকে গ্রেফতার করতে ইন্টারপোলের কাছে ইরানের চিঠি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৪৮ জন মার্কিন কর্মকর্তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে ইরান।  জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। 

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইরানের বিচারবিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি বলেন, ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের ৪৮ কর্মকর্তাকে গ্রেফতার করতে ইন্টারপোলকে অনুরোধ জানানো হয়েছে

সাংবাদিকদের ইসমাইলি বলেন, এই অপরাধের আদেশদাতা এবং বাস্তবায়নকারীদের ধরে সাজা দিতে বদ্ধপরিকর ইরান।

ট্রাম্পের নির্দেশে গত বছরের ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের জেনারেল কাসেম সোলেইমানি।  জেনারেল সোলেইমানিকে হত্যার অভিযোগে ট্রাম্পকে গ্রেফতারে এর আগেও ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছিল ইরান। গত জুনে টাম্পসহ কয়েক ডজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধ হত্যা ও সন্ত্রাসের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তেহরান। তবে তখন ফ্রান্সভিত্তিক ইন্টারপোল ইরানের আবেদন নাকচ করে দেয়। তারা বলছে, নিয়ম অনুযায়ী রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণ বিষয়ক কোনো ঘটনায় হস্তক্ষেপ নিষিদ্ধ।