পিছিয়ে গেলো গ্র্যামি

বিশ্ব সংগীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। এবারের অনুষ্ঠান আগামী ৩১ জানুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ চলছে সারা বিশ্বে। এর কারণে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৩ তম আসর আগামী মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলসে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ আসর আগামী ১৪ মার্চ বসবে বলে জানিয়েছে অনুষ্ঠানটির আয়োজকরা।

গত নভেম্বরে গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২১ এর মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছিলো। বিয়ন্স নোলস, টেইলর সুইফট ও ডুয়া লিপা মনোনয়ন পাওয়াদের মধ্যে এগিয়ে রয়েছেন। গ্র্যামি অ্যাওয়ার্ড পরিচালনা করে রেকর্ডিং একাডেমি।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমাদের সংগীত গোষ্ঠী এবং অনুষ্ঠানটির আয়োজনে নিরলস কাজ করা শতশত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তার চেয়ে আর গুরুত্বপূর্ণ কিছু নেই।

প্রসঙ্গত, গ্র্যামি এ্যাওয়ার্ড আমেরিকার ন্যাশনাল আক্যাডেমি অফ রেকর্ডিং আর্টস এন্ড সাইন্সেস কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কার যা সঙ্গীত শিল্পে অসাধারণ কৃতিত্ত্বের প্রদান করা হয়। এটি ১৯৫৮ সালে প্রবর্তিত হয়। ১৯৭১ সাল পর্যন্ত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিউ ইয়র্ক এবং লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হত।

ইত্তেফাক/বিএএফ