জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠান ১৭ জানুয়ারি

আগামী ১৭ জানুয়ারি বসবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেদিন সকাল সাড়ে ১০টায় চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত থাকবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভার্চুয়ালে অংশ নেবেন এই আয়োজনে। বিষয়টি নিশ্চিত করে তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অন্যান্য বারের মতো এবারো রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রদানের আসর বসবে। তবে করোনার বিধি নিষেধ মেনে চলা হবে।’

এবার সেরা সিনেমা হিসেবে দ্বৈতভাবে পুরস্কার ঘরে তুলবে ‘ন ডরাই‘ ও ‘ফাগুন হাওয়ায়’। তবে পুরস্কার জয়ে চমক দেখিয়েছেন চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিক। চলতি বছর তার পরিচালিত ‘মায়া:দ্য লস্ট মাদার’ ছবিটি সর্বোচ্চ ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। ৬টি বিভাগে পুরস্কার পাচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমা ‘ন ডরাই’। ৩টি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি।