স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আতর’র প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত

২০২০ সালের বিদায়ী দিনে অনুষ্ঠিত হয়ে গেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আতর’র প্রথম প্রদর্শনী। চলচ্চিত্রটির কলাকুশলী, শিল্পী, সাংবাদিক, সমালোচক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পাবলিক লাইব্রেরি সেমিনার হলে বিকেল সাড়ে চারটায় প্রদর্শনীটি হয়েছে। করোনাকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনেই এই প্রদর্শনী করা হয়। এই চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমি, রেজওয়ান পারভেজ, রূপকথা প্রমুখ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আতর’র প্রযোজনায় রূপকথা প্রোডাকশন্স। গল্প সূত্র ও গানের কথা লিখেছেন এনামুল কবির সুজন। চিত্রনাট্য ও পরিচালনা করেন রানা মাসুদ। প্রদর্শনী শেষে দর্শক চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছন। শিগগিরই একাধিক ভাষায় সাব টাইটেল করে চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে পাঠানো হবে। প্রযোজক এনামুল কবির সুজন বলেন, ‘কিছুদিন আগে ঘটে যাওয়া একটি সত্য এবং বহুল আলোচিত ঘটনার ছায়া অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আতর’র চিত্র্যনাট্য। এর কাহিনি দর্শকদের দারুণভাবে স্পর্শ করবে। এমন ঘটনা প্রায়ই ঘটে চলছে সমাজের বিভিন্ন স্থানে। এসব বিষয়ে আরও সচেতনতা সৃষ্টির তাগিদ জোগাবে আতরের কাহিনি।’