পানি অপচয় রোধ করুন

প্রাচীনকাল থেকে মানুষ পানির উত্স স্থলের কাছাকাছি বসতি শুরু করে। আধুনিককালে মানুষের পানির চাহিদা পূরণে পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ থেকে পানি সংগ্রহ করা হয়। কিন্তু অনিয়ন্ত্রিত পানি উত্তোলনের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে এমনকি আমাদের দেশের বড় বড় শহরে ভূগর্ভস্থ পানি শূন্য বা প্রায় শেষ পর্যায়ে এসে ঠেকেছে। মাটির নিচ থেকে অপরিকল্পিত পানি উত্তোলনের ফলে ঐ অঞ্চলের মাটি দেবে যেতে পারে। প্রচুর পরিমাণে পানি উত্তোলনের কারণে মেক্সিকো সিটির বিভিন্ন জায়গায় এই সমস্যা দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে অনেক অঞ্চলে দেখা দিয়েছে অনাবৃষ্টি। ফলে মিঠাপানির মাটির উপরিভাগ অংশের সরবরাহ হ্রাস পেয়েছে। অন্যদিকে মানুষের দৈনন্দিন ব্যবহার এবং শিল্পপ্রতিষ্ঠানে পানির চাহিদা জ্যামিতিক হারে বাড়ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন ২০৪০ সালের মধ্যে মানুষের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পানি থাকবে না। এর মধ্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পানির জন্য যুদ্ধ হয়েছে। সুদানের ‘দারফুর’ যুদ্ধ সংগঠিত হওয়ার অন্যতম কারণ পানি। ধারণা করা হয় ২০০৬ সালের সিরিয়ার গৃহযুদ্ধের পেছনে খরার প্রভাব ছিল। প্রাচীন কালে সভ্যতা গড়ে উঠেছিল পানির উত্স কেন্দ্র করে আবার অনেক বসতি বিলীন হয়ে গেছে পানির অভাবে। মানব জাতিকে টিকিয়ে রাখতে আমাদের উচিত এখনই পানি ব্যবহারে সচেতন হওয়া।

ইমরান হোসেন

শিক্ষার্থী, বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম