ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।
আটোয়ারী (পঞ্চগড়) :আটোয়ারীতে গতকাল বুধবার ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম জীবন সেন (২৩)। উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জীবন সেন উপজেলার রসেয়া এলাকার ভোলানাথের ছেলে। আটোয়ারী থানার ওসি মো. ইজার উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মহেশপুর (ঝিনাইদহ) :মহেশপুরের পুরন্দপুর গ্রামে গতকাল বুধবার দুপুরে আলমসাধুর চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম জয়নাল আবেদীন (৬০)। তিনি উপজেলার পুরন্দপুর দত্তরবেড়পাড়ার মৃত হাফেজ আলীর ছেলে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, জয়নাল আবেদীন পুরন্দপুর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ফতেপুর থেকে আসা মাছবোঝাই একটি আলমসাধু তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাউজান (চট্টগ্রাম) :রাউজানে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গত মঙ্গলবার রাতে কাভার্ডভ্যানের ধাক্কায় আবুল খায়ের (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উনসত্তরপাড়া গ্রামের জগত্পুর আশ্রম এলাকার বাসিন্দা। রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি জব্দ করা হয়েছে।