কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কটিয়াদী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কমরভোগ গ্রামে বসতঘরের বারান্দার ছোট কক্ষ থেকে বুধবার সকালে সৌদি প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দ্বীন ইসলামের স্ত্রী সাবিনা আক্তার (২১)। এ সময় শোবার ঘর থেকে রক্তমাখা কম্বল ও বিছানার চাদর জব্দ করেছে পুলিশ। নিহতের বাবা ফুল মিয়া জানান, ছোট মেয়ে সাবিনাকে তার বড় ভাইয়ের ছেলে সৌদি প্রবাসী দ্বীন ইসলামের সঙ্গে তিন বছর আগে বিয়ে দেন। বড় ভাই ও তার ঘর একই আঙিনায়। মঙ্গলবার রাতে সাবিনা আমার বসতঘরের বারান্দার ছোট কক্ষে ঘুমিয়ে ছিল।

কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল বলেন, নিহতের মোবাইল ফোনের সর্বশেষ কল লিস্টের তথ্য উদ্ঘাটন করলে হয়তো প্রকৃত রহস্য বের হয়ে আসবে। সাবিনা নিজেই দরজা খুলেছিল না কি কোনো দুর্বৃত্ত আগে থেকে ঘরে ঢুকে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখে প্রকৃত অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।