স্পোর্টস রিপোর্টার
বিসিবির সঙ্গে চুক্তির বেশ কিছুদিন বাকি রয়েছে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরির। মার্চে নিউজিল্যান্ড সফরে টাইগারদের সঙ্গে কাজ করবেন তিনি। করোনাকালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে ভেট্টোরিকে পাচ্ছে না বাংলাদেশ। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ভেট্টোরির জায়গায় হোম সিরিজে ভারপ্রাপ্ত স্পিন কোচ হিসেবে কাজ করবেন বিসিবির কোচ সোহেল ইসলাম। বঙ্গবন্ধু টি-২০ কাপে ফরচুন বরিশালের হেড কোচ ছিলেন তিনি।
এই সিরিজে কাজ করতে ভেট্টোরি আসতে চেয়েছিলেন, কিন্তু নিউজিল্যান্ডে করোনার কারণে আরোপ করা নিয়মের কড়াকড়ি জটিলতা তৈরি করেছে। আকরাম খান বলেছেন, ‘ভেট্টোরি কিন্তু আসতে চেয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড যে একটা নিয়ম করেছে—দেশের বাইরে থেকে যখন দেশে ঢুকবেন ওটা আপনাকে অনেক আগে জানিয়ে দিতে হবে। তারপর ওখানে অনেক দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো যে জায়গায় থাকতে হবে ঐ জায়গাটা কিন্তু অনেক লিমিটেড। ওখানে সিরিয়াল জায়গা পাওয়া যায় না। আমরা নিউজিল্যান্ড যখন যাব তখন সে টিমের সঙ্গে থাকবে এবং বাংলাদেশি কোচ সোহেলকে ওর পরিবর্তে আমরা রাখছি।’
এদিকে আগামী দুই সিরিজের জন্য বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জন লুইস। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ ও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার।