দুর্নীতির মামলায় বরিশালে সওজের অফিস সহকারীর পাঁচ বছর কারাদণ্ড

বরিশাল অফিস

সড়ক ও জনপদ বিভাগের বরিশালের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এ কে এম সেলিম হাওলাদারকে পাঁচ বছর কারাদণ্ডসহ অর্ধকোটি টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে বরিশাল নগরীর আলেকান্দা মৌজায় ১১ শতক জমিতে তার স্ত্রীর নামে নির্মিত চারতলা বাড়ি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। সেলিমের উপস্থিতিতে দুর্নীতি মামলায় মঙ্গলবার সাজার এ রায় দেন বরিশাল বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মহসিনুল হক।

আদালতের বেঞ্চ সহকারী হারুন আর রশিদ জানান, তাকে দুর্নীতি আইনের ২০০৪-এর ২৬(২) ধারায় দুই বছর কারাদণ্ড এবং ২৭-এর ১ ধারায় ৩ বছর কারাদণ্ড ও অর্ধকোটি টাকা অর্থদণ্ড ও স্ত্রীর নামের বাড়ি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়। সেলিমের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় শেষে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া এবং তার স্ত্রীর নামের বাড়ি বাজেয়াপ্ত করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়।