ধামরাইয়ে সরকারি ঘর পাচ্ছে ভূমি ও গৃহহীনরা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে ভূমিহীন ও গৃহহীন ৩২৮টি পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৩৬ পরিবার পাচ্ছে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা সরকারি ঘর। বাকিরা পাবে পর্যায়ক্রমে। জানা যায়, ‘ক’ ক্যাটাগরির ভূমিহীন ও গৃহহীন তাদের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকার নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প আশ্রয়ণ-২-এর আওতায় ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকায় প্রায় ৮ একর জমিতে এসব ঘর নির্মাণের কাজ চলছে। প্রতিটি গৃহে একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা থাকছে। ঘরপ্রতি গৃহনির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার মো. সামিউল হক জানান, ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনায় প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় কাজ শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।