পৌরসভা নির্বাচন
তুহিন খান
সাভার পৌরসভার নির্বাচনি প্রচারণা জমে উঠেছে। প্রতীক বরাদ্দের পর ইতিমধ্যেই মাঠে নেমেছেন মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। এবারের সাভার পৌর নির্বাচনে তিন জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি মো. আবদুল গণি। বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আছেন সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. রেফাত উল্লাহ। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মোশারফ হোসেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিন-রাত তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উঠান বৈঠক, চা-চক্র ও কুশালাদি বিনিময়সহ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে। এছাড়া প্রার্থীদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নানা পোস্ট দিয়ে চালাচ্ছেন জোর প্রচারণা। পৌর নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর কর্মী সমর্থকরা সরব থাকলেও বিএনপি দলীয় প্রার্থীর প্রচার প্রচারণা তেমন লক্ষণীয় নয়।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মো. আবদুল গণি বলেন, ‘বিগত পাঁচ বছরে সাভার পৌরসভায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। পৌরবাসী যদি এবারও আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করেন তবে অসম্পন্ন উন্নয়ন কাজগুলো সম্পন্ন করব। আশাকরি পৌরবাসী আমাকে নির্বাচনে জয়ী করে তাদের সেবা করার সুযোগ দিবেন।’ বিএনপির প্রার্থী আলহাজ মো. রেফাত উল্লাহ বলেন, ‘আমি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছি। প্রতিটি ভোটারের কাছে ভোট প্রার্থনা করছি। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ধানের শীষ প্রতীকের জয় হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. মোশারফ হোসেনের প্রচার প্রচারণা তেমন নেই। তবে তার সমর্থকদের নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এছাড়া ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।