তরুণদের রাজনীতি সচেতন হওয়ার আহ্বান নুরের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাবেক ভিপি নুরুল হক তরুণদের রাজনীতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ৬০ কিংবা ৭০-এর দশকে যে গণমুখী ছাত্ররাজনীতি ছিল সেই ধারাই যদি ফিরিয়ে নিয়ে যেতে চাই, তবে মেধাবী ছাত্রদের ছাত্ররাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। তাদের রাজনীতিতে সচেতন হতে হবে। ছাত্ররাজনীতির নামে অপরাজনীতি দিয়ে কোনো ধরনের পরিবর্তন হবে না। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের হল খোলাসহ তিন দাবিতে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সমাবেশে নুরুল বলেন, ছাত্রদের দেশের মানুষের গণতান্ত্রিক পরিবেশ, ন্যায়বিচার নিশ্চিত করা ও মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলতে হবে।