ময়মনসিংহে সন্ত্রাসীদের হাত থেকে ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচা আব্দুর রশিদ (৬০) নিহত হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুড়িপন বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ গৌরীপুর ধেরুয়া কড়েহা গ্রামের মৃত এলাহি বক্সের পুত্র।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে কুড়িপন বাজারে মো. আব্দুর রাশিদের পুত্র মো. রুমান মিয়াকে ঘেরাও করে মারপিট করতে থাকে ধেরুয়া কড়েহা গ্রামের মো. মোস্তফার পুত্র মো. মোস্তাকিন গং। খবর পেয়ে আপন ভাতিজাকে বাঁচাতে সেখানে ছুটে যান আব্দুর রশিদ (৬০)। ভাতিজাকে বাঁচানোর চেষ্টাকালে সন্ত্রাসীরা তার মাথায় ওজন মাপার লোহার পাথর দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ুনঃ চাকা ফেটে চলন্ত বাসে আগুন, আহত ১৫
গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান, সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৌরীপুর থানার নিহতের ভাতিজা ও আব্দুর রাশিদের পুত্র মো. নিজাম উদ্দিন বাদী হয়ে হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেন। গৌরীপুর থানার অফিসার
ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, মারামারির ঘটনায় মামলা হয়েছিলো সকালে, বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে হত্যা মামলা সংযোজিত করা হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমএএম