দুর্নীতির মামলায় জামিন চেয়েছেন বহিষ্কৃত কাউন্সিলর রাজীব

দুর্নীতির মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হবে। আদালতে আসামিপক্ষে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।

গত বছরের ১২ ফেব্রুয়ারি তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, অর্থ পাচার, মাদক ব্যবসাসহ সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে ১৮ কোটি ৪০ লাখ ২৭ হাজার ১৯২ টাকা অর্থ আত্মসাতের অভিযোগ এনে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করে সিআইডি। এই মামলায় গত ২৬ জুলাই তার জামিন আবেদন খারিজ করে দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এই আদেশের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন চান তিনি।

ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ১৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘সুলতান’ খ্যাত তত্কালীন কাউন্সিলর রাজীবকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, মাদকসহ নানা অভিযোগে কয়েকটি মামলা করা হয়। এসব মামলায় তিনি কারাগারে রয়েছেন।