অর্থনৈতিক উন্নয়নে উত্তর কোরিয়ার ব্যর্থতার কথা স্বীকার করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি এই বিরল স্বীকারোক্তি দিয়েছেন।
কিম বলেন, ২০১৬ সালে যে অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, অধিকাংশ ক্ষেত্রেই তা পূরণ হয়নি। তিনি বলেন, এটা খুবই কষ্টদায়ক শিক্ষা এবং এর পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। তার কথায়, এর কারণে উত্তর কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিলম্ব হবে। এটা খুবই উদ্বেগের বিষয়। অবশ্য বেশ কিছু ক্ষেত্রে সাফল্যও দাবি করেছেন কিম। তার পরও অর্থনৈতিক লক্ষ্য পূরণে ব্যর্থতা বেশ পীড়া দিচ্ছে তাকে। খবর ডয়চেভেলে ও আলজাজিরার।
আরো পড়ুন : শান্ত থাকুন: ট্রাম্প
গত বছর উত্তর কোরিয়া পূর্বঘোষিত পঞ্চবার্ষিকী আর্থিক পরিকল্পনা অনেকটা চুপিসারেই বাতিল করে দেয়। কারণ তত দিনে বোঝা গিয়েছিল, তাদের পক্ষে ঐ লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয়। এরপর করোনা ভাইরাস মহামারিতে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। সংক্রমণ ঠেকাতে দেশটি সীমান্ত বন্ধ রেখেছে। অবশ্য উত্তর কোরিয়ার দাবি, সেখানে একজনও করোনা রোগী নেই। তবে তাদের এই দাবি নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের।
মঙ্গলবার পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন দলের কংগ্রেসে ৫ হাজারের বেশি মানুষ অংশ নেন। এ সময় তাদের কারো মুখেই মাস্ক দেখা যায়নি। জানা গেছে, দলের এই কংগ্রেস থেকে আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা পেশ করা হবে। সেখানে নেতৃত্ব পরিবর্তনের ঘোষণাও আসতে পারে। এক্ষেত্রে কিমের বোন কিম ইয়ো জংকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে।
ইত্তেফাক/এসআর