ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষদ কার্যালয়ের বিপরীত পাশে একটি দোকানে গ্যাসে সিলিন্ডার বিস্ফোরণে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের বিপরীত পাশে অবস্থিত ড্রিম হাউজ নামে সাততলা ভবনের নীচতলার ওই দোকানটিতে অগ্নি নির্বাপণ যন্ত্র তৈরিসহ সিএনজিচালিত থ্রি হুইলার ও মোটরগাড়ির গ্যাস সিলিন্ডারে রিফিলিংয়ের কাজ করতেন রফিকুল ইসলাম। দুপুরে কাজ করার সময় গ্যাসের একটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে  ঘটনাস্থলেই মারা যান রফিকুল ইসলাম। তার মাথা ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর কর্মীরা।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ কুন্ডু জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পাওয়া গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ইত্তেফাক/এএএম