আগামী ২০ জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাতবদল হবে বলে অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার দিবাগত একটি টুইট বার্তায় ট্রাম্প এমনটি বলেন।
ট্রাম্প তার মুখপাত্রের টুইটারে বিবৃতিতে বলেন, যদিও তিনি এই নির্বাচনের ফলাফলের সাথে পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করেন” এবং “ প্রকৃত ঘটনায় তার সঠিকত্ব বোঝা যায়” - তা সত্বেও “জানুয়ারির ২০ তারিখে সুশৃঙ্খলভাবে ক্ষমতার হস্তান্তর হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব টুইটার এ্যাকাউন্টটি টুইটার কর্তৃপক্ষ ব্লক করে দিয়েছে, ফলে তিনি এখন তা ব্যবহার করতে পারছেন না।
এর আগে বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য দেশটির আইন প্রণেতারা যখন অধিবেশনে বসেছিলেন এসময় ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটলে ঢুকে পড়ে।
এসময় বিক্ষোভকারীরা ক্যাপিটল ভবনের দরজা জানালায় ভাংচুর চালায়। কয়েক ঘণ্টা ধরে একপ্রকার ক্যাপিটল দখল করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ ক্যাপিটল ভবনে জারি করে লকডাউন। তবে শেষমেশ বিক্ষোভকারীদের হটাতে সক্ষম হয় পুলিশ।
ওয়াশিংটনের পুলিশ প্রধান রবার্ট কন্টি বলেন, নিহতদের মধ্যে একজন নারী আছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে গুলি করলে তিনি মারা যান। বাকি ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ইত্তেফাক/এআর