মৃত্যুর একটু আগের বিহ্বল ভাবনার মতো
আলোছায়াদীপ্ত জলাশয়—হায় পানি
শুধু বেঁচে থাকার জন্য মেনে নিয়েছি, মানি
তার সব ছলাকলা
তার সজল ফণা
সন্ধ্যার মুখে তার আপাতসুবোধ রূপ!
ভালো লাগে পানির ওপর দাঁড়িয়ে থাকা
ভোরের সূর্য
ভালো লাগে না কারখানার কটুগন্ধী প্রস্রাব
ভালো লাগে দিগন্তের টলটলে পানি থেকে
উঠে আসা সকালের পাখি!
এত শান্ত সুন্দর মনোতোষ পানি
দোষ ধরে ধরে আমরাই তাকে খেপিয়ে তুলেছি
আমরা তাকে নষ্ট করেছি, পথভ্রষ্ট করেছি
খাল আর নদীপারের বন-জঙ্গল
কোন সুতায় বাঁধা
তারা কী দিয়েছিল কী দিতে পারে
কিছুই মনে রাখিনি!