হামলাকারীদের ‘দেশপ্রেমিক’ বলা টুইট মুছলেন ইভাঙ্কা

মার্কিন পার্লামেন্ট ভবনে হামলাকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ‘দেশপ্রেমিক’ বলে উল্লেখ করে টুইটারে দেওয়া এক পোস্ট মুছে ফেলেছেন ইভাঙ্কা ট্রাম্প। এই টুইটের স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার শিকার হয়েছেন ট্রাম্পকন্যা।  ট্রাম্পের একটি টুইট পুনরায় শেয়ার করে বুধবার ট্রাম্পকন্যা লেখেন, ‘আমেরিকান দেশপ্রেমিকগণ, কোনো নিরাপত্তা লঙ্ঘন অথবা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অসম্মান গ্রহণযোগ্য নয়। সহিংসতা এখনই বন্ধ হতে হবে। দয়া করে শান্তি বজায় রাখুন।’ এই টুইট নিয়ে সমালোচনা শুরু হলে কিছুক্ষণ পরেই পোস্টটি ডিলিট করে দেন ইভাঙ্কা। তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সিএনএনের এক প্রতিবেদক স্ক্রিনশটটি টুইট করে লেখেন, ‘পরিষ্কারভাবে আপনি বলছেন এই লোকগুলো দেশপ্রেমিক?’ জবাবে ইভাঙ্কা ট্রাম্প লেখেন, ‘না। শান্তিপূর্ণ প্রতিবাদ হলো দেশপ্রেমিক। সহিংসতা অগ্রহণযোগ্য এবং এর কঠোর সমালোচনা করতে হবে।’ উল্লেখ্য, বুধবার মার্কিন আইনপ্রণেতারা প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য পার্লামেন্ট ভবন ক্যাপিটলে এক যৌথ অধিবেশনে বসেছিলেন। এ সময় ডোনাল্ড ট্রাম্পের শতশত সমর্থক ঐ ভবনে ঢুকে পড়ে ভাঙচুর চালান। খবর সিএনএন ও এডিটিভির