ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় যা বললো ইরান 

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনাই  প্রমাণ করেছে যে পশ্চিমা গণতন্ত্র ভঙ্গুর।  বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এমনটি বলেন তিনি। 

রুহানি বলেন, যুক্তরাষ্ট্রে গতকাল যা হলো তা থেকে বুঝা যায় যে পশ্চিমা গণতন্ত্র কতটা ভঙ্গুর। আমি আশা করি যে পুরো বিশ্ব এবং হোয়াইট হাউজ এ থেকে শিক্ষা নেবে। 
 ভাষণে রুহানি আরো বলেন, আমি আশা করি পরবর্তী মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রকে আবার মহান বানাবে। এটা তাদের জন্য ভালো হবে এবং বিশ্বের জন্য ভালো হবে। 
 স্থানীয় বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য দেশটির আইন প্রণেতারা যখন অধিবেশনে বসেছিলেন এসময় ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটলে ঢুকে পড়ে।

এসময় বিক্ষোভকারীরা ক্যাপিটল ভবনের দরজা জানালায় ভাংচুর চালায়। কয়েক ঘণ্টা ধরে একপ্রকার ক্যাপিটল দখল করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ ক্যাপিটল ভবনে জারি করে লকডাউন। তবে শেষমেশ বিক্ষোভকারীদের হটাতে সক্ষম হয় পুলিশ।

ওয়াশিংটনের পুলিশ প্রধান রবার্ট কন্টি বলেন, নিহতদের মধ্যে একজন নারী আছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে গুলি করলে তিনি মারা যান। বাকি ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইত্তেফাক/এআর