লোহাগড়া উপজেলার রামপুর-আমাদা সড়কের দাসেরডাংগা এলাকায় একটি বক্সকালভার্টের মধ্যখান ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়রা জানায়, অতিরিক্ত বালু এবং মাটি বোঝাই ট্রাক চলাচল করার ফলে গত ছয় মাস আগে কালভার্টে ফাটল ধরে। পরে স্থানীয়রা বাঁশ ও কাঠ দিয়ে পাটাতন বসিয়ে হালকা যান চলাচলের উপযোগী করে। কিন্তু তিন মাস আগে কালভার্টের মধ্যখানে বড় গর্তের সৃষ্টি হয়। ফলে এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা কালভার্টটি সংস্কারের দাবি জানিয়েছেন। এলজিইডির উপজেলা প্রকৌশলী অভিজিত্ মজুমদার জানান, কালভার্টটির ভেঙে যাওয়া অংশ দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।