সিডনিতে স্বস্তিতে অজিরা

মুখে অমলিন হাসি দিয়েই সিডনি টেস্টের প্রথম দিনে মাঠ ছাড়ল অস্ট্রেলিয়া। একে তো বৃষ্টি কেড়ে নিয়েছে প্রায় অর্ধেক দিন। আর বাকি ৫৫ ওভারের সময়টা ভারতকে শাসন করেছে তারা। টস জিতে ব্যাট করতে নেমে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১৬৬ রান। মার্নাস লাবুশেন ৬৭* ও স্টিভেন স্মিথ ৩১* রানে থেকে আজ ফের মাঠে নামবেন।

গত দুই টেস্টে উদ্বোধনী জুটির রানখরা বেশ ভুগিয়েছে অজিদের। সবশেষ মেলবোর্নে তো আরো তীব্র। চোট কাটিয়ে ডেভিড ওয়ার্নার ফেরায় আশা ছিল বড় কিছুর। কিন্তু হতাশই করলেন অভিজ্ঞ এই ওপেনার (৫)। ইনিংসের চতুর্থ ওভারেই মোহাম্মদ সিরাজকে বিলিয়ে দেন নিজের উইকেটটি।

ওয়ার্নার হতাশ করলেও আলো ছড়িয়েছেন অভিষিক্ত ওপেনার উইল পুকোভস্কি (৬২)। উইকেটরক্ষক রিশাভ পান্টের দেওয়া দুই বারের জীবনটিকে ফিফটিতে রূপান্তর করেন ডানহাতি এই ব্যাটসম্যান। সেঞ্চুরির ইঙ্গিত দিলেও ফেরেন অভিষিক্ত পেসার নবদ্বীপ সাইনির ফাঁদে পা দিয়ে। তার আগে লাবুশেনের সঙ্গে ১০০ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান শক্ত অবস্থানে।

দিনের বাকি সময়টা স্মিথকে নিয়ে নির্বিঘ্নেই কাটিয়ে দেন লাবুশেন। সহজেই তুলে নেন অর্ধশতক। অপর প্রান্তে চলছিল স্মিথ-অশ্বিন লড়াই। প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানকে ফেরাতে আগের মতোই পরিকল্পনা সাজান অধিনায়ক আজিঙ্কা রাহানে। কিন্তু এবার রবিচন্দ্রন অশ্বিনকে পাত্তাই দেননি স্মিথ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভোতা করে দেন এই স্পিনারের ধারাল অস্ত্রগুলো।

এর আগে দুই বার অশ্বিনের শিকার হওয়া স্মিথ অবশ্য আক্রমণাত্মকের কিছুই দেখছেন না। তিনি বলেন, ‘আমি আক্রমণাত্মক বলব না, শুধু তার বিপক্ষে ইতিবাচক খেলতে চেয়েছি। তাকে চাপে ফেলতে চেয়েছিলাম, যা আমি এই সিরিজে করতে পারিনি। কিছু জিনিস নিয়ে কাজ করার পর মনে হচ্ছে বেশ ভালো অবস্থানে আছি।’

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫৫ ওভারে ১৬৬/২ (পুকোভস্কি ৬২, ওয়ার্নার ৫, লাবুশেন ৬৭*, স্মিথ ৩১*; সিরাজ ৪৬-১, সাইনি ৩২-১)