দ্রুতই ওড়ার আশা সৌরভের

পাঁচ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার আগে হাসপাতালের সামনে জড়ো হাজারো ভক্তদের জানিয়ে দিলেন বেশ সুস্থই আছেন তিনি।  এমনকি খুব দ্রুতই উড়াল দেবেন ভারতের সাবেক অধিনায়ক।

হাসপাতাল ছেড়ে সৌরভ বলেন, ‘আমার সুচিকিত্সার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমি পুরোপুরি সুস্থ। আশা করি দ্রুতই উড়তে পারব।’ গত শনিবার ট্রেডমিলে দৌড়াতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। দ্রুতই চলে যান উডল্যান্ড হাসপাতালে। মৃদু হার্ট অ্যাটাকের পাশাপাশি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে তার। বিপদ এড়াতে একটি ব্লকে স্টেন্ট বসানো হলেও বাকি দুটিতে প্রয়োজন লাগেনি। এ প্রসঙ্গে উডল্যান্ড হাসপাতালের সিইও রূপালি বসু বলেন, ‘আরো দুটি ব্লকেজ রয়েছে। তবে সেটা খুবই মাইনর। পরে কোনো সময় এর চিকিত্সা করিয়ে নিলেই হবে।’