অনেককেই দেখা যায় রাস্তা, ফুটপাত, জনসমাগম জায়গায় অবলীলায় কফ, থুথু ফেলতে। এই বদ অভ্যাসের কারণে প্রকৃতি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেখানে সেখানে কফ, থুথু ফেলার ফলে অনেক রোগ-জীবাণুর উত্পত্তি ঘটে। যেহেতু এটি ভেজা অবস্থায় থাকে তাই ভাইরাস জীবিতও থাকে অনেক বেশি। এর ফলে সরাসরি বাতাসের সংস্পর্শে এসে ছড়িয়ে পড়তে পারে। কফ থুথুর মাধ্যমে করোনা ভাইরাস তো বটেই—সার্চ, মার্স, যক্ষ্মা, ব্রংকাইটিস, হাঁপানি ও মাথাব্যথাসহ বহু রোগের কারণ। আবার আমাদের সমাজের অনেক প্রতিবন্ধী মানুষ মাটিতে ভর দিয়ে কিংবা হুইল চেয়ারে চাকায় হাত রেখে চলাফেরা করেন। এসব মানুষ যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা কফ থুথু এড়িয়ে যেতে সমর্থ হন না। ফলে সরাসরি করোনা ভাইরাসসহ অনেক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়েন। অনেক সতর্কতা, প্রচারণার পরেও কারোই বোধোদয় হচ্ছে না যে, নিজেদের সুরক্ষার কথা ভেবে, নিরাপদ পরিবেশের কথা ভেবে যত্রতত্র কফ থুথু ফেলার বদ অভ্যাস পরিহার করতে হবে অবশ্যই। যত্রতত্র থুতু ফেলা নিষিদ্ধ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া এমনকি ভারতেও কিছু এলাকায় আইন হয়েছে এবং জরিমানারও বিধান রয়েছে। তাই জনগণকে সচেতন করার সঙ্গে সঙ্গে প্রয়োজনে আইন করে হলেও সংশ্লিষ্ট সবাইকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
আকিজ মাহমুদ
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়