বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এবং গাজীপুরে গতকাল বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এতে যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়ে হাজারো মানুষ। অবশ্য পরে উভয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বেতন দিতে রাজি হওয়ায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জানান, আদমজী ইপিজেডের ভেতর কুংতন অ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) নামে একটি রপ্তানিমুখী কারখানায় সাড়ে ৬ হাজার শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করে।

শ্রমিকদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে অবস্থানের একপর্যায়ে দুপুর ১২টার দিকে বেপজার পুলিশ শ্রমিকদের এলোপাতাড়িভাবে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েক জন শ্রমিক আহত হয়। এর মধ্যে দুই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা। এদিকে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্র-সংলগ্ন নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাংরোড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সড়কের উভয় দিকে। বেলা ২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও শিল্প পুলিশ (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) ও র্যাব-১১-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার আইনুল হক এবং সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের ব্যাপারে শ্রমিকদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, পূর্বঘোষণা ছাড়াই কারখানাটির মালিকপক্ষ লে অফ (বন্ধ) ঘোষণা করেন। শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে এসে বন্ধ ঘোষণার নোটিশ দেখে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ, র্যাব ও শিল্প পুলিশের কর্মকর্তারা যৌথভাবে মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে রাজি করান। এ আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গতকাল দুপুর আড়াইটা থেকে ইস্ট ওয়েস্ট লি. কারখানার শ্রমিকরা ঐ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এ সময় ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। শ্রমিকরা জানায়, গত বছরের নভেম্বর মাসের অর্ধেক এবং ডিসেম্বর মাসের পুরো বেতন গতকাল দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা না দিয়ে বিভিন্ন রকম তালবাহানা করছে। বেতন বকেয়া পড়ায় ঘরভাড়া এবং দোকানের বাকি টাকা না দিতে পেরে শ্রমিকদের পরিবার নিয়ে চলা দুর্বিষহ হয়ে পড়েছে। তাই বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করে। গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে তারা আগামী সোমবার বেতন দিতে রাজি হওয়ায় রাত ৮টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।