খুলনায় বখাটেদের ইটের আঘাতে মসজিদের খাদেম নিহত

খুলনায় মাসুদ গাজী (৪০) নামে একজনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত ৯টায় দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজার এলাকায় স্থানীয় বখাটেরা দুই দফায় তার ওপর হামলা করলে তিনি গুরুতর জখম হন। রাত দেড়টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

নিহত মাসুদ গাজী নগরীর মিস্ত্রিপাড়া বাজার মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে রং মিস্ত্রি ও বিদ্যুতের কাজও করতেন। তিনি মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট নবম গলির বাসিন্দা মুনসুর রহমান গাজীর ছেলে। 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার রাত ৯টার মাসুদ গাজী এশার নামাজ পড়ে মিস্ত্রিপাড়া বাজার মসজিদ থেকে বের হয়ে দই কিনে নিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সড়কের পাশে বসে থাকা নাসির ও সোহানসহ ১০-১৫ জন বখাটের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটেরা তাকে মারধর করে। তিনি আহত হয়ে বাসায় ফিরে যান। বাসায় গিয়ে ঘটনা বলার পর তার ভাই ইয়াসিন গাজীকে সঙ্গে নিয়ে পুনরায় ঘটনাস্থলে আসেন। এ সময় বখাটেরা স্থানীয় স্কুল গলির মুখে নিয়ে তার মাথা, মুখ ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। ওই সময় তার ভাই ইয়াসিন গাজী ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়। এক পর্যায় মাসুদ গাজী অজ্ঞান হয়ে পড়লে বখাটেরা পালিয়ে যায়।

স্থানীয়রা আশংকাজনক অবস্থায় মাসুদ গাজীকে উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতাল এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

নিহতের ভাগ্নে মিজানুর রহমান বিপ্লব জানান, ‘হামলার সময় নাসির ও সোহানসহ ১০-১৫জন ছিল। এরা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।’ তিনি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

আরও পড়ুনঃ মতলব উত্তরে ইজি বাইকের সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘মাসুদ গাজী দই কিনে বাসায় ফেরার পথে কয়েকজন যুবক ডেকে বলে কি নিয়ে যাচ্ছিস? দধি বলে জবাব দিলে বলে শুধু দধি কেন, মিষ্টি কই? এ সময় তাদের দিকে মাসুদ গাজীর বাঁকানো দৃষ্টিতে তাকানো নিয়েও প্রশ্ন তোলা হয়। এভাবে কথা কাটাকাটির পর তিনি বাসায় চলে যান। পরে মাসুদ গাজী তার দুই ভাইকে নিয়ে ঘটনাস্থলে গেলে বখাটেরা ইট দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে মারা যান। গতকাল রবিবার দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

তবে, ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি। 

ইত্তেফাক/নূহু