নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি দোকানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের বিপরীত পাশে অবস্থিত ড্রিম হাউজ নামে সাততলা ভবনের নিচতলার ঐ দোকানটিতে অগ্নিনির্বাপণ যন্ত্র তৈরিসহ, সিএনজিচালিত থ্রি-হুইলার ও মোটরগাড়ির গ্যাস সিলিন্ডারে রিফিলিংয়ের কাজ করতেন নিহত ব্যক্তি। দুপুরে কাজ করার সময় গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রফিকুল ইসলাম। খবর পেয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ কুণ্ডু জানান, নিহত ব্যক্তির নাম পাওয়া গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।