উপজেলার কুঞ্জবন দারুল উলুম কওমি মাদ্রাসার এক ছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার কুঞ্জবন গ্রামের কৈলাশ পুকুরের মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঐ মাদ্রাসার শিক্ষক আবদুল মতিন ও ফরিদ উদ্দিনকে আটক করেছে পুলিশ। নিহত মো. রাব্বি হোসেন (৯) মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং উপজেলার নাটশাল গ্রামের মো. রমজান আলীর পুত্র।
জানা গেছে, কুঞ্জবন গ্রামের কৈলাশ পুকুরের মাঠে মাদ্রাসা ছাত্র মো রাব্বি হোসেনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। রাব্বির মা রেহেনা বেগম জানান, গত বুধবার রাতের খাবার খেয়ে তার ছেলে মাদ্রাসায় যায়। পরের দিন তার মুখমণ্ডল থেঁতলে দেওয়া ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়।
মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে।