চট্টগ্রাম থেকে নিখোঁজ গৃহবধূর লাশ এক সপ্তাহ পর কাউখালীতে উদ্ধার

চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে নিখোঁজ রেহেনা পারভীনের লাশ অর্ধগলিত অবস্থায় এক সপ্তাহ পর রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া এলাকা থেকে উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাউখালী থানা পুলিশের একটি টিম এই লাশ উদ্ধার করে। নিহত রেহেনা পারভীন (৩৭) হাটহাজারী উপজেলার ইছাপুর এলাকার দুবাই প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী। গতকাল সন্ধ্যায় নিহতের ছেলে মাহমুদুল হাসান রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে এসে তার মায়ের লাশ শনাক্ত করেন।

ঘাগড়াস্থ সিটিহাট পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে  রেহেনা পারভীনের লাশটি পাওয়া গেছে। এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

জানা যায়, বিকাশ থেকে টাকা তুলতে ও মেয়ের জন্য ওষুধ কিনতে ঘর থেকে বেরিয়েছিলেন রেহেনা।  দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপোর হাশেম বাজার এলাকায় মসজিদ সংলগ্ন ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের একটি ট্রাক ছিল। সে ট্রাকটি রাঙ্গুনিয়ার ধামাইরহাট সোনারগাঁও রাস্তার মাথা এলাকার ট্রাক ড্রাইভার আবুল হায়াতের (৪৮) কাছে বিক্রি করে দেন। ঐ  ট্রাক বিক্রি বাবদ ৫০ হাজার টাকা বকেয়া ছিল। গত ২ জনুয়ারি বিকালে আবুল হায়াত বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর কথা বলে পার্শ্ববর্তী বাজারের একটি দোকানে যেতে বলে। এরপর তিনি আর ফেরেননি।

ছেলে মাহমুদুল হাসান জানিয়েছেন, তার মায়ের ফোন বন্ধ পাওয়া যায়। অপরদিকে তাদের ট্রাক ড্রাইভার আবুল হায়াতের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। মার কোনো সন্ধান না পেয়ে ২ জানুয়ারি রাতে বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি করা হয়।