ত্রিশাল পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি

চতুর্থ ধাপে ৫৭টি পৌরসভার সঙ্গে আগামী ১৪ ফেব্রুয়ারি স্থগিত থাকা ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার এই পৌরসভায় ভোটের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল অনুযায়ী এই পৌরসভায় মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়ন বাছাই ১৯ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ১৪ ফেব্রুয়ারি।

তপশিলে আরো জানানো হয়, স্থগিত থাকা এই পৌরসভায় সাধারণ ওয়ার্ড কমিশনার ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কমিশনার পদে আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শুধু তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। নতুন করে আর কেউ মনোনয়ন জমা দিতে পারবেন না। শুধু মেয়র পদে নতুন করে কেউ চাইলে মনোনয়ন জমা দিতে পারবেন। আগে যারা মনোনয়ন জমা দিয়েছেন, তাদেরকে নতুন করে আর মনোনয়ন জমা দিতে হবে না।