চলতি বছরেই মেট্রোরেল চালুর আশাবাদ জাপানের রাষ্ট্রদূতের

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, চলতি বছর ঢাকার মেট্রোরেল (এমআরটি-৬) চালু হতে পারে। গতকাল বৃহস্পতিবার নতুন ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে এক ভিডিও শুভেচ্ছা বার্তায় তিনি এ আশা প্রকাশ করেন।

ভিডিও বার্তায় জাপানের রাষ্ট্রদূত বলেন, বিগত বছরটি ছিল করোনা মহামারির বছর। তবে মহামারির বছরেও বাংলাদেশ-জাপান একযোগে কাজ করেছে। গত বছর জাপান-বাংলাদেশ ৩ দশমিক ২ বিলিয়ন ডলারের ওডিএ প্যাকেজ চুক্তি সই করেছে। জাপান বাংলাদেশে এমআরটি, বিমানবন্দর থার্ড টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প অব্যাহত রেখেছে।

তিনি বলেন, চলতি বছরের জুলাইয়ে জাপান অলিম্পিক গেমের আয়োজন করবে। আমি আশা করব, বাংলাদেশ এতে অংশ নেবে। একই সঙ্গে অলিম্পিকে প্রথমবারের মতো পদক নিয়ে আসবে। ২০২১ সালে বাংলাদেশ-জাপান একযোগে কাজ করবে বলেও জানান রাষ্ট্রদূত নাওকি।