সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতর কুংতন অ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) নামে একটি রপ্তানিমুখী কারখানায় ৬ হাজার ৫০০ শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করে।

শ্রমিকদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে অবস্থানের এক পর্যায়ে বেলা ১২টার দিকে বেপজার পুলিশ শ্রমিকদের এলোপাতাড়িভাবে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েক জন শ্রমিক আহত হয়েছে। এর মধ্যে দুই জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা।

এদিকে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্র-সংলগ্ন নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাংরোড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত বন্ধ ছিল। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সড়কের উভয় দিকে।

বেলা দুইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও শিল্পপুলিশ (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) ও র্যাব-১১-এর ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার আইনুল হক এবং সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের ব্যাপারে শ্রমিকদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পূর্বঘোষণা ছাড়াই কারখানাটির মালিকপক্ষ লে অফ (বন্ধ) ঘোষণা করেন। শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে এসে বন্ধ ঘোষণার নোটিশ দেখে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ, র্যাব ও শিল্পপুলিশের কর্মকর্তারা যৌথভাবে মালিকপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে রাজি করান। এই আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।