ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক শিশু (১১) গুরুতর আহত হয়ে গত ৫ দিন যাবৎ অচেতন রয়েছে। গত ৩ জানুয়ারি দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আশুগঞ্জ শহরের বৈকণ্ঠপুর এলাকার রেললাইনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ অজ্ঞাত শিশুটিকে উদ্ধারের পর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক বলছেন, তার উন্নত চিকিৎসার প্রয়োজন। তবে এ চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভব নয়।
বর্তমানে অজ্ঞাত শিশুটি জেলা সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসক নিজাম উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। ডা. নিজাম উদ্দিন জানান, শিশুটির অবস্থা আশংকাজনক। আমরা যথাসম্ভব চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন রয়েছে। তার বর্তমান শারীরিক অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো প্রয়োজন। তিনি বলেন, শিশুটির সেলাইন ও অক্সিজেন চলছে। সার্জারি বিভাগের নার্স ও অন্যান্য স্টাফরা তার দেখাশোনা করছেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, গত ৩ জানুয়ারি দুপুরের দিকে রেললাইন দিয়ে স্থানীয় এক ব্যক্তি আসছিল। এসময় তিনি দেখেন রেললাইনের পাশে একটি শিশু অচেতন অবস্থায় পড়ে রয়েছে। শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থা খারাপ দেখে জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। শিশুটিকে উদ্ধারের পর আমরা তার পরিবারকে শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ইত্তেফাক/এএএম