নওগাঁর সাপাহারে ছেলে আরিফ হোসেনের (২৪) লাঠির আঘাতে মা শাহনাজ বেগমের (৪৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের মানিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আরিফ হোসেন পলাতক থাকায় পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি।
নিহত শাহনাজ বেগম মানকিুড়া গ্রামের মৃত অছির উদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিককুড়া গ্রামের পার্শ্ববর্তী তাজপুর গ্রামে বিয়ে হয় শাহনাজ বেগমের। বিয়ের পর ছেলে আরিফসহ একটি মেয়ের জন্ম হওয়ার পর শাহনাজকে তালাক দেন স্বামী। এরপর বাবা অছির উদ্দীনের বাড়িতে ছেলে আরিফকে নিয়ে আলাদাভাবে বসবাস করে আসছিলেন তিনি।
বৃহস্পতিবার ঘটনার দিন সন্ধ্যায় এনজিওর কিস্তির টাকা পরিশোধের বিষয় নিয়ে মা শাহনাজ বেগম ও ছেলে আরিফ হোসেনের মধ্যে আলোচনা চলছিল। একপর্যায় বাকবিতণ্ডার শুরু হয়ে ছেলে আরিফ একটি লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে শাহনাজ জ্ঞান হারিয়ে মাটিতে পরে গেলে প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করেন। রাতে রামেকে নেওয়ার পথে তিনি মারা যান।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আরিফ পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/জেডএইচ