বিনোদন ডেস্ক
একদিকে নতুন হলিউডি সিনেমা ‘টেক্সট ফর ইউ’-এর কাজ, অন্যদিকে ‘হোয়াইট টাইগার’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে আশার পর যখন ভক্তরা তার কাছ থেকে নতুন কিছু প্রত্যাশা করছেন, সেসময় পুলিশি সর্তকতার মুখে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে প্রিয়াঙ্কা স্বামী নিক জোনাসের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন। কিন্তু সেখানে হটাত্ করে লকডাউন ঘোষণা করায় বেঁধেছে এই বিপত্তি। বাড়ি থেকে রের না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে দেশটির সরকার। এ অবস্থায় আচমকাই প্রিয়াঙ্কা চোপড়া এবং তার মা মধু চোপড়াকে স্থানীয় একটি স্যালোঁতে দেখা যায়। আর সেখানেরই একটি ছবি প্রকাশ্যে আসার পর প্রিয়াঙ্কা এবং স্যালোঁ কর্তৃপক্ষকে সাবধান করা হয় সে দেশের পুলিশের পক্ষ থেকে। যদিও প্রথমবার বলে কোনো জরিমানা করা হয়নি। তবে এ বিষয়ে প্রিয়াঙ্কা মুখে কুলুপ এঁটে থাকলেও তার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিয়াঙ্কা লন্ডনে রয়েছেন তার পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য। হলিউডের একজন তারকা হিসেবে প্রযোজনা সংস্থার জন্যই তিনি ওই স্যালোঁতে যান। উল্লেখ্য, প্রিয়াঙ্কা তার নতুন সিনেমা ‘হোয়াইট টাইগার’-এ রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসার পর প্রিয়াঙ্কার প্রশংসা করেন নিক জোনাসের বাবা। পুত্রবধূর জন্য তিনি নিজেকে গর্বিত মনে করেন বলে জানান।