বিবিসি ও রয়টার্স
ইন্দোনেশিয়ার বালিতে ১৯ বছর আগে নাইটক্লাবে বোমা হামলার ‘নেপথ্য-নায়ক’ হিসেবে খ্যাত আবু বকর বশির জেলখানা থেকে ছাড়া পেয়েছেন। তার পরিবারের সদস্যরা শুক্রবার স্থানীয় সময় সকালে জাকার্তার বাইরের এক কারাগার থেকে তাকে নিয়ে যায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
৮২ বছর বয়সি বশির এক সময় জেমায়াহ ইসলামিয়ার (জেআই) প্রধান ছিলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার কর্মকাণ্ডে অনুপ্রাণিত জেআই ২০০২ সালে বালিতে নাইটক্লাবে হামলা চালিয়ে ২০২ জনের প্রাণ কেড়ে নিয়েছিল। ১৯ বছর আগে বালিতে হওয়া ঐ বোমা হামলায় ২১টি দেশের নাগরিক নিহত হয়েছিল; ঐ ঘটনা এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় হওয়া সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা। ছাড়া পাওয়া বশির এখন উগ্রবাদবিরোধী এক কর্মসূচিতে ঢুকবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বশিরের ছাড়া পাওয়ার খবর ইন্দোনেশিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়াতেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বালি হামলায় নিহতদের বেশির ভাগই ছিলেন অস্ট্রেলীয়। যে মামলার সাজা খেটে বশির কারামুক্ত হয়েছেন, সেটি বালি হামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়। রক্ষণশীল আচেহ প্রদেশে জঙ্গি প্রশিক্ষণে পৃষ্ঠপোষকতা দেওয়ার মামলায় অভিযুক্ত বশিরের ২০১১ সালে ১৫ বছরের কারাদণ্ড জুটেছিল। পরে ঐ সাজা কমে আসে। সাজার মেয়াদ শেষ হওয়ার পরই শুক্রবার তিনি ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। বালি বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে ২০০৫ সালে এ ধর্মীয় নেতাকে কারাদণ্ড দেওয়া হলেও আপিলে ঐ সাজা উলটে যায়। বশির সব সময়ই সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।