করোনা রোগীদের মৃত্যুহার কমাতে পারে বাতের ওষুধ

রয়টার্স ও আলজাজিরা

রোশের আর্থ্রাইটিসের ওষুধ অ্যাকটেমরা বা সানোফির কেভজারা গুরুতর অসুস্থ কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে মৃত্যুহার এবং ইনটেনসিভ কেয়ারে থাকার সময় উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনতে পারে বলে এক গবেষণায় তথ্য মিলেছে। তবে এই গবেষণার ফলাফল এখনো সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের স্বাধীন পর্যালোচনার অপেক্ষায় আছে। গবেষণায় দেখা গেছে, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ (রোগ প্রতিরোধ ক্ষমতাকে যা দমিয়ে রাখে) অ্যাকটেমরা ও কেভজারা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন কোভিড-১৯ রোগীদের মৃত্যুর হার ৮.৫ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়ে আনতে পারে। এ গবেষণায় যুক্ত থাকা লন্ডন ইমপেরিয়াল কলেজের অধ্যাপক অ্যানটোনি গর্ডন বলেন, এর মানে হলো, হাসপাতালে যাদের ঐ দুটি ওষুধের মধ্যে একটি দেওয়া হয়েছে, তাদের প্রতি ১২ জনের মধ্যে বাড়তি একজনের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। অ্যাকটেমরা ও কেভজারা নিয়ে আন্তর্জাতিক গবেষণাটি চালানো হয়েছে গুরুতর অসুস্থ ৮০০ কোভিড-১৯ রোগীর ওপর। এ গবেষণার নাম দেওয়া হয়েছে রিম্যাপ-ক্যাপ ট্রায়াল। গবেষণায় দেখা গেছে, ঐ দুটি ওষুধের যে কোনো একটি প্রয়োগের পর মৃত্যুর হার ৩৫.৮ শতাংশ থেকে কমে ২৭.৩ শতাংশে নেমে এসেছে। তাছাড়া ঐ দুটি ওষুধ দেওয়ার পর রোগীরা তুলনামূলকভাবে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। রোগীদের আইসিইউতে থাকার গড় সময় সাত থেকে দশদিন কমে এসেছে।