তিন সেঞ্চুরির ম্যাচে আমিরাতের জয়

স্পোর্টস ডেস্ক

ম্যাচটি নিয়ে আগ্রহ থাকার কথা না ক্রিকেটপ্রেমীদের! কারণ দল দুটি আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। তবে উত্তাপ ছড়াতে কোনো কমতি রাখেনি তারা। গতকাল আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়াম যেন পরিণত হয়েছে সেঞ্চুরির মেলায়। যেখানে সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে  ৬ উইকেটে হারিয়েছে আরব আমিরাত। টস জিতে পল স্টার্লিংয়ের অপরাজিত সেঞ্চুরিতে (১৩১*)  ৫ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে আইরিশরা। জবাব শুরুতে চাপে পড়লেও চুন্দাঙ্গাপয়িল রিজওয়ান ও মুহাম্মদ উসমানের ১৮৪ রানের জুটিতে ভর করে এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় আমিরাত। রিজওয়ান ১০৯ রান করে ম্যাচ সেরা ও ১০১ রানে অপরাজিত থাকেন উসমান। ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে এটাই আমিরাতের প্রথম জয়।