‘করোনা পরিস্থিতি আরো জটিল হবে’

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে চলমান করোনা পরিস্থিতি সামনে আরো গুরুতর হবে বলে মনে করছেন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ম্যানেজার নুনো এসপারিতো সান্তো। তার বিবৃতির আগে গত মঙ্গলবার প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, গেল সপ্তাহে লিগে মোট ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত এক সপ্তাহে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

ম্যানচেস্টার সিটি, ফুলহাম, শেফিল্ড ইউনাইটেডের পর এই সপ্তাহে এস্টন ভিলাতেও দেখা গিয়েছে করোনার প্রাদুর্ভাব। ইতিমধ্যে চারটি প্রিমিয়ার লিগ ম্যাচ ও ৫২টি নিম্ন ডিভিশনের ম্যাচ স্থগিত হয়েছে ইংল্যান্ডে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে সান্তো বলেন, ‘এরকম (ম্যাচ স্থগিতের) ঘটনা সামনে আরো বাড়বে। খবর দেখলেই তো বুঝা যায়, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খেলোয়াড় ও কোচদের জৈব সুরক্ষা বলয়ে থাকা সম্বন্ধে তিনি বলেন, ‘এটা সবার জন্যই আসলে কঠিন। খেলোয়াড়রাও মানুষ এবং শনাক্তের সংখ্যা বৃদ্ধির হারটা (আমাদের জন্য) ভীতিকর।’ করোনা পরিস্থিতি অবনতির জন্য গত বুধবার থেকে ইংল্যান্ডে আবার জাতীয়ভাবে লকডাউন জারি করা হয়েছে। তবে লকডাউনের মধ্যেও প্রিমিয়ার লিগ এবং অন্য বড় খেলাধুলার আসর চালু রাখার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু ফুটবলের ভেতরের অনেক ব্যক্তির কাছ থেকেই এখন লিগ বন্ধ রাখার দাবি উঠে আসছে।