পাঁচ দিনেও জ্ঞান ফেরেনি অজ্ঞাত শিশুটির

গত পাঁচ দিনেও জ্ঞান ফেরেনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অজ্ঞাত শিশুটির (১১)। গত ৩ জানুয়ারি দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আশুগঞ্জ শহরের বৈকণ্ঠপুর এলাকার রেললাইনের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে শিশুটি জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিত্সক নিজাম উদ্দিন জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। আমরা যথাসম্ভব চিকিত্সা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন রয়েছে। তার বর্তমান শারীরিক অবস্থায় ঢাকায় উন্নত চিকিত্সার জন্য পাঠানো প্রয়োজন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাকে উদ্ধারের পর আমরা তার পরিবারকে শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।