মনজুরুল আহসান খানকে সিপিবির সব দায়িত্ব থেকে ছয় মাসের জন্য বরখাস্ত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খানকে উপদেষ্টাসহ পার্টির অন্যান্য সব দায়িত্ব থেকে ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। গতকাল শুক্রবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। মনজুরুল আহসান খান সিপিবির সাবেক সভাপতি।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মনজুরুল আহসান খান কর্তৃক একটি দৈনিক পত্রিকায় লিখিত প্রবন্ধের একটি অংশ ও অন্য একটি দৈনিক পত্রিকায় প্রদত্ত সাক্ষাত্কারের বক্তব্য বর্তমান সরকার সম্পর্কে পার্টির দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ৫ জানুয়ারি অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় তাকে ছয় মাসের জন্য উপদেষ্টাসহ পার্টির অন্যান্য দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ এর আগে ৪ জানুয়ারি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক যুক্ত বিবৃতিতে বলেছেন, মনজুরুল আহসান খানের প্রবন্ধের একটি প্যারায় এবং সাক্ষাত্কারে বর্তমান সরকার সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন প্রকাশিত হয়েছে, তা সরকার সম্পর্কে সিপিবির দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন নয়। পার্টি-কংগ্রেসে গৃহীত রাজনৈতিক লাইন ধরেই সিপিবি অগ্রসর হচ্ছে এবং হবে। ‘ ‘নৈশকালীন ভোটের’ অনির্বাচিত অবৈধ সরকারের বিরুদ্ধে সিপিবি গণ-আন্দোলন গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং রাখবে।