চট্টগ্রামের দুঃখ হিসেবে খ্যাত চাক্তাই খালের একটি পয়েন্ট থেকেই ১০০ ট্রাক আবর্জনা অপসারণ করা হয়েছে। গতকাল শুক্রবার এই খালের বাদুরতলা হারিছ শাহ মাজার এলাকা ও ঘাসিয়ার পাড়া অংশে বর্জ্য, ময়লা-আবর্জনা অপসারণে অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশনের শতাধিক পরিচ্ছন্নকর্মী। অভিযানের পর ঐ এলাকায় খালের পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসে বলে গতকাল চসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে দেখা যায়, বর্জ্য, গৃহস্থালি ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলার কারণে বাদুরতলা হারিছ শাহ মাজার সংলগ্ন ও ঘাসিয়ার পাড়ার অংশে চাক্তাই খাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের কোনো কোনো অংশে বড় বড় কচুরিপানা গজিয়ে উঠেছে, আবার কোথাও খালটি ডাস্টবিনে পরিণত হয়েছে। ময়লা আবর্জনা ফেলার কারণে খালে পানি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছিল দীর্ঘদিন ধরে। এছাড়া খালটি মশার উর্বর প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে।
গতকাল শতাধিক সেবক, এস্কেভেটর ও পে-লোডার দিয়ে আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু হলে খালের পানি চলাচলে স্বাভাবিকতা ফিরে আসে। অনেক স্থানে খাল সংযুক্ত নালার আটকে থাকা পানির প্রবাহও স্বাভাবিক হয়। এতে মশার দীর্ঘদিনের আবাসস্থলও ধ্বংস হয়ে যায়।
পরিচ্ছন্নতা অভিযানে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়লা-আবর্জনা ফেলে চাক্তাই খাল ভরাট হওয়া নিয়ে সম্প্রতি দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হয়।