জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

বিজ্ঞান

মোহাম্মদ নাসির উদ্দিন

সিনিয়র শিক্ষক

দুলালপুর এস.এম.অ্যান্ড কে. উচ্চ বিদ্যালয়, কুমিল্লা।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও।  জ্ঞানমূলক কিছু প্রশ্ন ও তার উত্তর দেখে নাও। আশাকরি তোমরা উপকৃত হবে।

ক. মানুষের বৈজ্ঞানিক নাম কী?

মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens

খ. দ্বিপদ নামকরণ কাকে বলে?

দ্বিপদ নামকরণ:একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদ বিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে।

গ. প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্বটির ১টি বৈশিষ্ট্য লিখ।

প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্বটির নাম আর্থ্রোপোডা।

একটি সাধারণ বৈশিষ্ট্য:

১. দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।

ঘ. অভিস্রবণ কী?

একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা  পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয় তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে।

ঙ. প্রস্বেদনকে কেন “ Necessary evil” বলা হয়?

উদ্ভিদ জীবনে প্রস্বেদন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রস্বেদনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। এতে উদ্ভিদের মৃত্যুও হতে পারে। তাই আপাতদৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রস্বেদনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয়। এজন্য প্রস্বেদনকে বলা হয় উদ্ভিদের জন্য এটি একটি ‘Necessary evil’.

চ. প্রস্বেদন কী?

উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গমন হওয়ার প্রক্রিয়াকে প্রস্বেদন বলে।

ছ. প্রজনন কাকে বলে?

যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে।

জ. পরাগায়ন বলতে কী বোঝায়?

ফুলের পরাগধানী হতে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে।

ঝ. ব্যাপন কাকে বলে?

যে ভৌত প্রক্রিয়ায় কোনো পদার্থের অণুগুলো অধিকতর ঘনত্বের স্থান হতে কম ঘনত্বের স্থানে বিস্তার লাভ করে তাকে ব্যাপন বলে।

ঞ. স্ব-পরাগায়ন ও পর-পরাগায়নের একটি করে সুবিধা লিখ।

স্ব-পরাগায়নের সুবিধা:

স্ব-পরাগায়নে প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়।

পর-পরাগায়নের সুবিধা: পর-পরাগায়নে নতুন চরিত্রের সংমিশ্রণ হয়।

ট. নিউরন কী?

স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরি একককে নিউরন বলে।

ঠ.  প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে?

যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উত্পন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না তাকেই প্রতিবর্ত ক্রিয়া বলে।