ষষ্ঠ শ্রেণির নিয়মিত পাঠ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সৈয়দ মাহবুব হাসান আমিরী

আইসিটি শিক্ষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

ইতোমধ্যে তোমরা নতুন বই পেয়ে গেছো। বই পেলেও তোমরা কিন্তু  ক্লাসে উপস্থিত থেকে পাঠ গ্রহণ করতে পারছো না। তথাপিও তোমরা অনলাইনে বা অন্য কোনো উপায়ে পাঠ গ্রহণ করছো এবং নতুন বই পাওয়ার আনন্দে তোমরা নিজেরাই পড়ছো। যা আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা সকলেই আশা করছি তোমাদের সাথে খুব শীঘ্রই শ্রেণিকক্ষে দেখা হবে। যেখানে তোমাদের কোলাহল আর পাঠানন্দে আমরা সবাই মেতে থাকবো। তবে যত দিন সরাসরি শ্রেণি পাঠদান আরম্ভ হচ্ছে না ততোদিন তোমরা অনলাইনে এবং বাসায় আমার দেয়া লেসনসহ পাঠ্যবই নিয়মিত পড়ে তোমার জ্ঞানকে আরো শাণিত করবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবনে তোমরা প্রথমবারের মতো পাবে। এতে কোনো প্রকারের ভয় বা আশঙ্কার প্রয়োজন নেই। বিষয়টিকে খুব সহজভাবে গ্রহণ করে নিয়মিত পাঠাভ্যাস করলে অত্যন্ত সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তোমরা পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বিজ্ঞান বইয়ে নবম ও দশম অধ্যায় থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে অনেক কিছুই শিখতে পেড়েছো এবং চতুর্থ শ্রেণিতেও তোমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ে নবম ও দ্বাদশ অধ্যায় থেকে তথ্য ও যোগাযোগ

 প্রযুক্তি সম্পর্কে জেনেছো। ষষ্ঠ শ্রেণিতে তোমরা একটি আলাদা বিষয় হিসেবেই পেয়েছো, তাই এবারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আরো ভালোভাবে জানার পথ প্রশস্থ হলো। তাহলে, এবারে চলো পাঠের আলোচনার মাধ্যমে আমরা আমাদের পাঠ আরম্ভ করি।

ষষ্ঠ শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে মোট পাঁচটি অধ্যায় রয়েছে। আমরা আরম্ভ করবো প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ের নাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। পরিচিতি অধ্যায়ের প্রথম পাঠে ২ ও ৩ পৃষ্ঠায় ৫টি ঘটনা বর্ণনা করা হয়েছে। প্রথম গল্পটি মাসুমের বাবার রেডিও বা বেতার ব্যবহার, দ্বিতীয় গল্পটি কৃষক ইউনুছের টেলিভিশনে কৃষি দিবানিশি অনুষ্ঠান দেখা, তৃতীয় গল্পটি শ্রাবণীর এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল পাওয়া, চতুর্থ গল্পটি রাশেদের ইন্টারনেট থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তথ্য খোঁজা, পঞ্চম গল্পটি রিয়া আর অন্তুর বড় পর্দায় ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখা সম্পর্কিত।

            পরের অংশ আগামীকাল