বছরে ১০টির বেশি হিন্দি সিনেমা আমদানির দাবি

তানভীর তারেক

 

অনেকদিন ধরে বিষয়টি নিয়ে নানামুখি আলোচনা চললেও অবশেষে একটি সিদ্ধান্তে এসে পৌঁছেছে। দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় হিন্দি সিনেমা প্রদর্শনে ঐকমত্যে পৌঁছেছে চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক ও পরিচালক সমিতি। সম্প্রতি তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস মিলেছে বছরে কয়েকটি হিন্দি সিনেমা আমদানির।

সিনেমা হল মালিকরা অনেকদিন ধরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা আমদানির দাবি জানিয়ে আসছিলেন। দেশের পর্যাপ্ত মানসম্মত সিনেমার অভাবে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। অল্প যে কয়েকটি সিনেমা হল আছে সেগুলোও বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে হল মালিকরা। এমন পরিস্থিতিতে প্রদর্শক সমিতির পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়ে বছরে কয়েকটি হিন্দি সিনেমা আমদানির অনুমতি চাওয়া হয়। তথ্য মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে সব সমিতির মতামত নেওয়ার কথা বলেন প্রদর্শক সমিতিকে। চলচ্চিত্রের তিন সমিতি বর্তমানে ঐকমত্যে পৌঁছেছে। এখন শুধু সরকারের অনুমতির অপেক্ষা।

হল মালিক ও প্রদর্শক সমিতির সিনিয়র সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, ‘সরকার হিন্দি ছবি আমদানি আশ্বাস দিয়েছে। আমরা বছরে ১০টির বেশি হিন্দি সিনেমা আমদানির কথা বলেছি। ছবি আনার অনুমতি পেলেই আমরা চিন্তা করবো কোন হিন্দি সিনেমাগুলো প্রদর্শন করবো প্রেক্ষাগৃহে।’

এ নিয়ে চলচ্চিত্র শিল্পী-কলাকুশলীদের ভেতরে কিছুটা মতপার্থক্য দেখা দিলেও বর্তমান উন্মুক্ত ওটিটি বাজার আর সিনেমা হলের নানা সংকটের কথা চিন্তা করে অনেকেই বিষয়টির সঙ্গে ঐক্যমত গড়েছেন। এছাড়া অনেকে এ রকমও বাজি লেগে বলেছেন যে, বাংলাদেশি সিনেমা অনেকদিন ধরে উন্মুক্ত বাজারেই লড়ছে। সেক্ষেত্রে সরাসরি এই লড়াইয়ে নির্মাতা-প্রযোজকরা আরো ভালো গল্প, ভালো নির্মাণের প্রতিযোগিতা করবেন।